পাকিস্তানের কোয়েটার হাসপাতালে বোমা হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। সোমবার কোয়েটায় বোমা হামলায় নিহত ৭০ জনের বেশিরভাগই পেশায় আইনজীবী ছিলেন।
সোমবার সকালের দিকে আততায়ীদের গুলিতে সুপরিচিত আইনজীবী বিলাল কাসির নিহত হন। কোয়েটার একটি হাসপাতালে কাসিরের মরদেহ নিয়ে যাওয়া হলে বহু আইনজীবী ও সাংবাদিক সেখানে জড়ো হন। এসময় ভিড়ের ভেতর থেকে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে এখন পর্যন্ত ৭০ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তালেবানের একাংশ জামাত-উল-আহরার বিলাস কাসিরকে হত্যা ও হাসপাতালে বোমা হামলার দায় স্বীকার করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ও পাকিস্তান বার কাউন্সিল সপ্তাহব্যাপী শোক ও কর্মবিরতি ঘোষণা করেছে। মঙ্গলবার কোয়েটার বেশিরভাগ মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস
