যেকোনো মূল্যে দেশকে জঙ্গিমুক্ত রাখতে হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ০০:৪২
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ যে দেশপ্রেম, দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে তা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। তিনি বলেন, আপনারা গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে জঙ্গি দমনে যে সক্ষমতা দেখিয়েছেন তা জনমনে আস্থা বেড়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রেখে যে কোনো মূল্যে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখতে হবে। আপনারা জঙ্গি দমনে অবশ্যই সফল হবেন বলে আমরা আশাবাদী। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দফতর  সম্মেলন কক্ষে ২০১৬ সালের ত্রৈ-মাসিক (এপ্রিল-জুন) অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মহাপুলিশ পরির্দশক (আইজিপি)  এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে দিনব্যাপী এ সভায় উপস্থিত ছিলেন সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে। তাদেরকে মোকাবিলা করার জন্য পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে। তিনি বলেন,    জনগণ আপনাদের পাশে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা জঙ্গিবাদ রুখবো। তিনি দেশে অবস্থানরত উন্নয়ন সহযোগী বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপত্তা জোরদার করার আহবান জানান। তিনি বলেন, বন্ধুপ্রতীম বিভিন্ন দেশ আমাদের পাশে রয়েছে। তারা পুলিশের সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা  করতে আগ্রহী।
 
আইজিপি বলেন, জঙ্গি দমনকে বাংলাদেশ পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে আরও সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, কমিউনিটি পুলিশিংকে কাজে লাগিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
 
পুলিশ প্রধান মামলার তদন্ত কার্যক্রম নিয়মিত মনিটরিং করার জন্য জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেন। তিনি থানায় মহিলা ও শিশু হেল্প ডেস্ক চালু কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দেন। আইজিপি  মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
 
ইত্তেফাক / এ এন