দুমকিতে পায়রা নদীর ভাঙনে শতাধিক বসতবাড়ি বিলীন হয়ে গেছে। উপজেলার লেবুখালী ফেরিঘাট, পুরাতন বাজার, পশ্চিম আঙ্গারিয়া ও আলগীসহ বেশ কয়েকটি স্থানে অব্যাহত ভাঙনের ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারগুলো। লেবুখালী ফেরিঘাট এলাকায় ভাঙনের ফলে বিলীন হয়ে গেছে পাউবোর ব্লক পাইলিং।
ভাঙন প্রতিরোধের ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালী পাউবো’র নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার জানান, ভাঙন প্রতিরোধের জন্য জাইকার আওতাধীন একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নদী তীরবর্তী আলগী এবং পশ্চিম আঙ্গারিয়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমিসহ বসতবাড়ি।
ভুক্তভোগী কৃষক শাহজাহান জানান, নদীর তীরবর্তী বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদী তীরের ভাঙন কবলিত এলাকায় বসবাসরত পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও ভীতির মধ্যে দিন কাটাচ্ছে।
ইত্তেফাক / এ এন
