ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি গুদামের ১০৪২ বস্তা চাল জব্দ

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৭:০৪
নরসিংদীর মনোহরদী উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি খাদ্য গুদামের  এক হাজার ৪২ বস্তা চাল জব্দ করা হয়েছে।
 
মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শামীম কিবরিয়া ‘লোকনাথ ভাণ্ডার’ নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন।
 
উপজেলা প্রশাসন জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শামীম কিবরিয়া স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় প্রতিটি ৫০ কেজি ওজনের এসব চালের বস্তা জব্দ করেন।
 
লোকনাথ ভাণ্ডারের মালিক বিষ্ণু সাহার দাবি, তিনি এসব চাল বৈধভাবে কিনে রেখেছেন।
 
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. বুলবুল হোসেন দাবি নাকচ করে বলেন, সরকারি চালের বস্তা বাইরে বিক্রি ও বহন সম্পূর্ণ অবৈধ।
 
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ