ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে অপহৃত ছয় জেলেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে জলদস্যু বাহিনী। মুক্তিপণ বাবদ পরিবারগুলোকে গুণতে হয়েছে এক লক্ষ ৮০ হাজার টাকা।
উদ্ধার হওয়া জেলেরা জানান, ৯ আগস্ট ভোর রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের উত্তর পূর্ব পাশের জাগলা চর সংলগ্ন মেঘনা নদীতে হাতিয়ার জলদস্যু আলাউদ্দিন, কৃঞ্চ ও আরিফ বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র ও বন্দুক তাক করে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলে। পরে প্রতি ট্রলারের মাঝিকে হাতিয়া উপজেলার মাইজচরা নামক স্থানে জিম্মি করে বেধড়ক মারধর করে পরিবারকে কাছে মুক্তিপণের টাকা চাইতে বলে। মুক্তিপণের টাকা না পেলে তাদের মেরে ফেলবে বলে হুমকি দেয়া হয়। পরে আত্মীয়স্বজন ও আড়ৎদার জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণের এক লক্ষ ৮০ হাজার টাকা বিকাশ এজেন্টের মাধ্যমে জলদস্যু বাহিনীর প্রধানের কাছে পাঠায়। মঙ্গলবার দিবাগত রাত আটটায় আটক ছয়জনের চোখ বেঁধে তমরুদ্দিন বাজার সংলগ্ন পশ্চিম পাশের চরে রেখে যায় জলদস্যুরা।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. শাহিন খান বলেন, ‘মুক্তিপণের বিনিময়ে উদ্ধার হওয়া মাঝিদের ব্যাপারে আমি কিছুই জানিনা। এদেরকে আমার এলাকার থেকে নেয়া হয়নি।’
ইত্তেফাক/এএসএমইউ
