জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন পুলিশপ্রধান এ কে এম শহীদুল হক। বুধবার ঢাকায় পুলিশ সদরদপ্তরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যারা ভুল পথে গেছে, জঙ্গি পথে গেছে, তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতা করবে। কোনো ডিস্টার্ব করবে না।’
রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন পুলিশের মহাপরিদর্শক। জঙ্গিবাদে জড়িতদের কোনো প্রকার ছাড় না দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যারা জঙ্গি বিস্তারে কাজ করছে, এসব অশুভ শক্তিকে সম্মিলিতভাবে নির্মূল করা হবে। বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই নাই। যত ষড়যন্ত্রই হোক পুলিশ তত্পর আছে।
