ভোলার মনপুরার মেঘনা থেকে অপহরণের একদিন পর ছয় নৌকার মাঝি ফিরে এসেছেন।
বুধবার সকালে ফিরে আসেন শাহজাহান মাঝি, ছালাউদ্দিন মাঝি, কাঞ্চন মাঝি, মোকতার মাঝি, হেলাল মাঝি ও শামিম মাঝি। এদের বাড়ি মনপুরায়।
ফিরে আসা মাঝিদের বরাত দিয়ে মনপুরার আড়তদার মো. টিটু ভূইয়া বলেন, মঙ্গলবার ভোরে মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের উত্তর পূর্ব পাশের জাগলা চর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য ছয়টি নৌকা থেকে জাল ফেলেন জেলেরা। এ সময় হাতিয়ার জলদস্যু আলাউদ্দিন, কৃঞ্চ ও আরিফ বাহিনীর লোকজন দেশি অস্ত্র ও বন্দুকের ভয় দেখিয়ে তাদের ঘিরে ফেলে। পরে প্রতি ট্রলার থেকে একজন করে মাঝিকে হাতিয়া উপজেলার মাইজচরা এলাকায় নিয়ে মারধর করে।
টিটু ভূইয়া বলেন, পরে অপহৃতদের পরিবারের সদস্যদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে তারা। মুক্তিপণের টাকা না দিলে তাদের মেরে ফেলার হুমকি দেয় তারা। পরে মুক্তিপণের টাকা পাঠানো হয়। টাকা পাওয়ার পর মঙ্গলবার রাত ৮টার দিকে অপহৃতদের চোখ বেঁধে তমরুদ্দিন বাজার সংলগ্ন পশ্চিম পাশের চরে রেখে যায়।
এ ব্যাপারে মনপুরা থানার ওসি মো. শাহিন বলেন, মুক্তিপণের বিনিময়ে উদ্ধার হওয়া মাঝিদের ব্যাপারে আমি কিছুই জানি না। এদেরকে আমার এলাকা থেকে নেয়া হয়নি। বিডিনিউজ।
