পুলিশি অভিযানকালে পালাতে গিয়ে ইয়াবা ব্যবসায়ীর বাবার মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১২:৩০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পুলিশের তাড়া খেয়ে এক ইয়াবা ব্যবসায়ীর বাবার মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার ভোরে রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ছাতির মিয়া (৫৫) ওই গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, ছাতির মিয়ার ছেলে রিপন (২৫) একজন ইয়াবা ব্যবসায়ী। তাকে গ্রেফতার করতে পুলিশ কালেঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় রিপনের বাড়িতে পুলিশ প্রবেশ করে বাড়ির নারী-পুরুষ সবাইকে মারধর শুরু করে। এ পিটুনি থেকে বাঁচতে বাড়ি থেকে দৌঁড় দেয় ইয়াবা ব্যবসায়ী রিপন। তার পিছনে দৌঁড় দেয় বৃদ্ধ বাবা ছাতির মিয়া। রিপন দৌঁড়ে পালিয়ে গেলেও তার বাবা ছাতির মিয়া রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘রিপন একজন মাদক ব্যবসায়ী ও চিহ্নিত অপরাধী। তাকে ধরতে অভিযান চালানো হয়েছিল। ছেলের সঙ্গে বাবা দৌঁড়ে পালাতে গিয়ে আকস্মিকভাবে তার মৃত্যু হয়েছে। তারপরও পুরো বিষয়টি তদন্ত করা হবে।’