ফরিদপুরের সালথা উপজেলার কাগদী এলাকায় সরকারি বাঁওড় দখল করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালীরা।
অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে বাঁওড়ের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, তিন মাস ধরে চক্রটি এই বাঁওড় থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন। বিষয়টি এখনো প্রসাশনের নজরে আসেনি।
জানা গেছে, স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির ছত্রছায়ায় কাগদী গ্রামের জাফর মোল্যা দীর্ঘদিন ধরে সরকারি এ বাঁওড় থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। বিষয়টি একাধিকবার মাঝারদিয়া ও সোনাপুর ইউনিয়ন ভূমি অফিসে জানানো হলেও কোন প্রতিকার পায়নি এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, স্থানীয় ওই দুই ভূমি অফিসের তহশিলদার, পিয়ন ও উপজেলার কয়েকজন প্রতারককে প্রতি মাসে টাকা দিয়ে এভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন জাফর। যে কারণে নিয়মিত বালু উত্তোলন করলেও তার কোনো সমস্যা হচ্ছে না। স্থানীয়রাও তার ভয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করেন না।
মাঝারদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’
ইত্তেফাক/এএসএমইউ
