বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজারে তিনদিনব্যাপী বার্ষিক মেলা শুক্রবার রাতে শেষ হয়েছে। বুধবার ভোরে শুরু হয় এই মেলা। প্রতিবছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় এ মেলা। সাড়ে ৬শ’ বছর ধরে খানজাহানের (রহ.) মাজারে এই ঐতিহাসিক মেলা চলে আসছে। এবার মেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বসানো হয়েছিল সিসি ক্যামেরা। পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োজিত ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষায়।
জানা যায়, এবার মেলার প্রথম দিন থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে হযরত খানজাহান আলীর (র.) ভক্ত-আশেকানসহ হাজার-হাজার নর-নারী মাজার প্রাঙ্গণে জড়ো হন। তারা তিনদিন অবস্থান করেন মাজারে। নিজের মনোবাসনা পূরণের আশায় স্রষ্টার আরাধনায় মগ্ন থাকেন তারা। এই তিন দিন বাদ্যযন্ত্র নিয়ে খানজাহানের গানসহ লালন, মুর্শিদী, ভাটিয়ালী ও বিভিন্ন আধ্যাত্মিক গান পরিবেশন করেন ভক্ত-আশেকানরা।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, নিরাপত্তার স্বার্থে পুরো খানজাহানের মাজার মেলা প্রাঙ্গণে এ বছর ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়।
