রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত মুমূর্ষু ব্যক্তির মোবাইল চুরি!

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৯:২৩
ভারতের দিল্লিতে টেম্পোর আঘাতে রক্তাক্ত অবস্থায় হয়ে পড়ে ছিলেন ৩৬ বছর বয়সী মাতিবুল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রায় দেড় ঘণ্টা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার সময়ে তার সামনে দিয়ে ৪০৩টি যানবাহন ও ৪৫ জন পদচারী গিয়েছে।
 
এর মধ্যে একজন থেমেছিল, তাও তার মোবাইলটি নেয়ার জন্য! 
 
দিল্লির সুভাষ সড়কে যেখানে পড়ে ছিলেন রিকশা চালক মাতিবুল যেখান থেকে হাসপাতাল মাত্র আধা কিলোমিটার দূরে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
সিসিটিভি ফুটেজে ভারতের রাজধানীর মানুষের অসংবেদনশীলতার এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। চার সন্তানের বাবা মাতিবুলকে বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে একটি অটোরিকশা আঘাত করে। সঙ্গে সঙ্গে একটি পিলারে আঘাত পেয়ে পড়ে যান তিনি। ফুটেজে দেখা যায়, অটো ড্রাইভার তার দিকে এগুলেও তাকে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়।     
 
ভিডিও ফুটেজে দেখা যায় মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়ে থাকার সময়ে মাতিবুলের সামনে দিয়ে ১৪০টি গাড়ি, ৮২টি অটো রিকশা, ১৮১ টি মোটরসাইকেল ও ৪৫ জন পদচারী গেছে। এর মধ্যে ছিল একটি পুলিশের ভ্যান যার কাজ জরুরি সেবায় সাহায্য করা। কিন্তু কেউ তার দিকে সাহায্যের হাত বাড়ায়নি। একজন উল্টো তার মোবাইল নিয়ে চম্পট দেয়। 
 
সকাল ৭টার দিকে পুলিশ এসে তাকে হাসপাতালে নেয়, কিন্তু ততক্ষণে অত্যধিক রক্তক্ষরণে না ফেরার দেশে চলে গেছেন তিনি।
 
IMG0
 
পশ্চিমবঙ্গ থেকে ১০ বছর আগে দিল্লিতে আসা মাতিবুল দিনের বেলায় ই রিকশা চালাতেন এবং রাতের বেলায় ওয়াচম্যানের কাজ করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে আছে। মাতিবুলের পরিচিত এক দোকানদার বলেন, সে প্রতিদিন এই রাস্তা দিয়ে বাড়ি যেত এবং একটি দোকানে চা খাওয়ার জন্য থামতো। 
 
পুলিশ ওই অটো রিকশা ড্রাইভার ও মোবাইল নেয়া ব্যক্তিকে খুঁজছে। অবশ্য দুই জনের কাউকেই এখনো চিহ্নিত করা যায়নি। এনডিটিভি।   
 
 
 
ইত্তেফাক/এসএসএ