উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের নিরাপত্তার দিক মাথায় রেখে ২৩ ও ২৪ মার্চ এ দু’দিন এ নৌপথে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। ফলে মৌসুমের এ দু’দিন দেশি-বিদেশি কোনো পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবেন না। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান এসব তথ্য জানিয়েছেন।
ইউএনও জানান, আগামী ২৪ মার্চ উখিয়া ও টেকনাফ উপজেলায় ভোটগ্রহণ হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। নির্বাচনকে ঘিরে নিরাপত্তার কথা চিন্তা করে ২৩ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ রুটে দুই দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরিদর্শক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে দু’দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তাই শনিবার ও রবিবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে দুই দিন জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।
