‘বউ না থাকলে বাসা ভাড়া পাওয়া যায় না, এ কেমন বিচার’ কোরাসের মধ্য দিয়ে রাতে রাজধানীর রাস্তায় বালিশ নিয়ে প্রতীকী অবস্থান করেছেন ব্যাচেলরা।
সাম্প্রতিক জঙ্গি হামলার পর ঢাকায় অবিবাহিতদের বাসা ভাড়া দিতে অনীহা ও বাড়তি ভাড়া নেয়াসহ নানা হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি বলে জানান আয়োজকরা।
‘ভাড়াটিয়া পরিষদের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার রাত ৮টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার অবিবাহিতদের বাড়ি ভাড়ায় ‘ঝামেলা’নিরসনসহ চার দফা দাবি আদায়ে আগামী ২৩ অগাস্ট বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার নতুন কর্মসূচির ঘোষণা করেন।
দাবিগুলো হলো- শহরে বসবাসরত ‘ব্যাচেলর’ ভাড়াটিয়াদের আবাসন নিশ্চিত করা, সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করা, ‘ব্যাচেলরদের’ হয়রানি এবং বাড়ির মালিকদের ভাড়া বাড়িয়ে অর্থনৈতিক নির্যাতন ও উচ্ছেদ বন্ধ করা।
সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, ‘আমরা জঙ্গিদের বিরুদ্ধে। কিন্তু জঙ্গির নামে বাসা-বাড়ির মালিকরা আজ ব্যাচেলরদের ওপর যেভাবে নির্যাতন করছে, তা মেনে নেয়া যায় না।’
ইত্তেফাক/ইউবি
