অটিজম মোকাবিলায় সায়মার পরিকল্পনায় ৪৫ লক্ষ্য নির্ধারণ

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ০০:২৬
অটিজম সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল অটিজম মোকাবিলায় পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন। অটিজম দূর করতে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে জন্য তিনি ৪৫ লক্ষ্য নির্ধারণ করেছেন। গতকাল বৃহস্পতিবার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ‘অটিজম শনাক্তকরণ এবং বাংলাদেশে নিউরো-ডিসঅর্ডার’ শীর্ষক অনুষ্ঠানে সায়মা হোসেন অটিজম বিষয়ে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা উপস্থাপনকালে এ তথ্য তুলে ধরেন।  অটিজম মোকাবিলায় এসব লক্ষ্যের মধ্যে অটিজম বিষয়ে সচেতনতা, পরামর্শ, পরিবারে অটিস্টিক শিশুর স্বাস্থ্য, প্রশিক্ষণ, শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা, কমিউনিটি সহযোগিতা, অটিস্টিক শিশুদের উন্নয়নে সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের পৃথক ভূমিকা অন্যতম। সায়মা হোসেন বলেন, পরিবারে কোনো শিশু অটিস্টিক হলে তার সারা জীবনের জন্য পরিবারের একটি পরিকল্পনা থাকতে হবে।
 
অটিজম মোকাবিলায় সরকারি উদ্যোগের কথা তুলে ধরে সায়মা ওয়াজেদ বলেন, বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ যারা অটিজম মোকাবিলায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে অটিজম মোকাবিলায় কতটুকু সফলতা অর্জিত হয় তা আমাদের দেখতে হবে। এটির সফল বাস্তবায়ন হলে আমরা কী করতে পারি তা পৃথিবীকে দেখানো যাবে।
 
দিনাজপুরে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সমাবেশের কারণে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার বক্তব্য পাঠ করে শোনানো হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বিশাল জনগোষ্ঠী অটিজম সংক্রান্ত সমস্যায় ভুগছেন। সরকারের একার পক্ষে আক্রান্তদের সবার সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সুনির্দিষ্ট ও সাজানো কর্মপরিকল্পনা পথ দেখাবে।
 
ইত্তেফাক/এ এন