নির্ধারিত স্থানে পশু জবাই না করলে শাস্তি

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ০১:২৫
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে পশু কোরবানির ৬ হাজার ২৩৩টি স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১১টি সিটি করপোরেশনে ২ হাজার ৯৪৩টি স্থানে পশু কোরবানি করা হবে। এবার ১৮ বছরের কম বা অপ্রাপ্ত বয়স্কদের কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহার না করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন, রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত্ আইভী, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্থানীয় সরকার সচিব আবদুল মালেক প্রমুখ।
 
সভায় বলা হয়, এ বছর দেশের ১১টি সিটি করপোরেশন ছাড়াও ৫৩টি জেলায় সম্ভাব্য ৭ লাখ ১৬ হাজার ৯৪০টি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। পশু জবাইয়ের পর ২/৩ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করতে হবে। প্রয়োজনে পশু জবাইয়ের স্থান বাড়তে পারে।
 
সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া পশু জবাই করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে। কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাই সংক্রান্ত কমিটিতে স্থানীয় ইমামদের রাখা হয়েছে। কোরবানির ১০/১৫ দিন আগে প্রতিটি বাড়িতে গিয়ে কোথায় পশু জবাই করবে এই সংক্রান্ত বিবরণ সম্বলিত স্লিপ দেয়া হবে। ঈদুল আজহার ২ সপ্তাহ আগে নির্দিষ্ট জায়গায় পশু জবাইয়ের অনুরোধ করে মোবাইল ফোনে এসএমএস দেয়া হবে। সিটি করপোরেশন এবং পৌরসভাকে কোরবানির ১৫ দিন আগে কন্ট্রোল রুম খোলার নির্দেশনা দেয়া হয়েছে। পশু জবাইয়ের স্থানে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এবং স্কাউটের সহায়তা নেয়া হবে।
 
খন্দকার মোশাররফ হোসেন বলেন, পাবলিক প্লেসে যাতে স্বাস্থ্য ও পরিবেশগত হুমকি না হয় সেজন্য নিজের আঙ্গিনায় কোরবানির পশু জবাই করা ভালো। না পারলে পাড়ায় নির্ধারিত স্থানে কোরবানি করেন। বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা সিটি করপোরেশন বা পৌরসভা নেবে।
 
আনিসুল হক বলেন, গত বছর কোরবানির বর্জ্য পরিষ্কারে ২৪ ও ৩৬ ঘণ্টার একটি সময় ছিল। আপনারা দেখেছেন তার আগেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মোটামুটিভাবে পরিষ্কার করে ফেলেছে।
 
সাঈদ খোকন বলেন, এবারও আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করব। আশা করি, ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আমরা পুরোপুরি এই শহরটাকে পরিষ্কার করে দেব। নাগরিকদের আহ্বান জানাচ্ছি, তারা যেন নির্দিষ্ট স্থানে এসে পশু কোরবানি করেন।
 
ইত্তেফাক/এ এন