ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রাম থেকে ইদ্রিস আলি ওরফে পান্না হুজুর (৫০) নামে এক জামায়াত কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তিনি হরিণাকুন্ডু উপজেলার রঘূনাথপুর গ্রামের কাওসার আলির ছেলে। ওই এলাকার মাদ্রাসায় শিক্ষকতা করতেন তিনি।
হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, জোড়াপুকুরিয়া গ্রামের লোকেরা সকালে রাস্তার উপর একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ দাবি করছে, গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। পাশে তার মোটরসাইকেলটি পড়ে ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে হরিণাকুন্ডুতে পুলিশ হত্যাসহ হরিণাকুন্ডু ও ঝিনাইদহ থানায় নাশকতার ৮টি মামলা আছে বলে ওসি জানান। গত ইউপি নির্বাচনে রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন তিনি।
এদিকে নিহত ইদ্রিস আলির স্ত্রী মমতাজ বেগম গত মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ৪ আগষ্ট শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন সাদা পোশাকের লোক তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তবে পুলিশ বলছে, ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়নি।
ইত্তেফাক/কেকে
