মিঠাপুকুরে শিশুদের খেলাধুলা নিয়ে মারামারিকে কেন্দ্র করে রবিউল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের দুই শিশু খেলছিল। এ সময় তাদের মধ্যে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইসহাক আলী, শরিফুল ইসলাম, বাবা লোকমানসহ তাদের লোকজন অপর শিশুর ভগ্নিপতি রবিউল ইসলামকে বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। প্রতিবেশিরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে রবিউল মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মমিনুর রহমান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মিঠাপুকুর থানার ওসি আশিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
ঠাকুরগাঁও :ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কুজিশহর গ্রামে হাস্কিং মিলের ফিতায় জড়িয়ে রেজিনা বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বীরগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়। নিহত রেজিনা বেওয়া ঠাকুরগাঁও সদর উপজেলার কুজিশহর গ্রামের মৃত আমির উদ্দীনের বিধবা স্ত্রী।
রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল জক বাবু জানান, নিহত রেজিনা বেওয়া মঙ্গলবার সকালে নিজের বাড়িতে ধান সিদ্ধ করে পার্শ্ববর্তী নুরুলের মিল চাতালে নিয়ে ধান শুকায়। ওইদিন বিকেলে শুকনো ধান নুরুলের হাস্কিং মিলে ভাঙার সময় বিকেল ৪টার দিকে অসাবধানতাবশত ওই বৃদ্ধা মিলের ফিতায় জড়িয়ে আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। রোগীর অবস্থা গুরুতর হলে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর নেওয়ার পথে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
প্রতিবেশী ইউসুফ আলী জানান, নিহত রেজিনা নিজের বাড়ির ধান ভাঙার সময় অসাবধানতাবশত মিলের ফিতায় জড়িয়ে যায়। এর জন্য কেউ দায়ী নয়।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, হাস্কিং মিলের ফিতায় জড়িয়ে একজনের মৃত্যুর সংবাদ শুনেছি। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু। যতটুকু শুনেছি, এ মৃত্যুর কন্য কেউ দায়ী নয়। তারপরও অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
