গৃহকর্মীর ‘বিষ মেশানো খাবারে’ সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২১:৫৫
 
রাজশাহী মহানগরীতে গৃহকর্মীর ‘বিষ মেশানো খাবার’ খেয়ে অগ্রণী ব্যাংকের অসরপ্রাপ্ত ব্যবস্থাপক আবদুল হান্নানের (৭২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবদুল হান্নানের বাড়ি মহানগরীর মহিষবাথান এলাকায়। তিনি অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক।
 
তার ভায়রা কাইয়ুম উদ্দিন দুলাল জানান, আবদুল হান্নানের তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে ঢাকায় চাকরি করেন। তিনি তাঁর স্ত্রী ঝর্ণা বেগমকে (৬০) নিয়ে বাড়িতে থাকতেন। সম্প্রতি আবদুল হান্নান তার বাড়িতে অজ্ঞাত এক নারীকে গৃহপরিচারিকার কাজ দেন।
 
দুলালের অভিযোগ, গত বুধবার সকালের নাস্তায় ওই গৃহপরিচারিকা খাবারে বিষ মিশিয়ে দেন। ওই খাবার খেয়ে আবদুল হান্নান ও তার স্ত্রী ঝর্ণা বেগম অসুস্থ হয়ে পড়েন। এই সুযোগে ওই গৃহপরিচারিকা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা আবদুল হান্নান ও তার স্ত্রীকে রামেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ঝর্ণা বেগম কিছুটা সুস্থ হলেও আবদুল হান্নানের অবস্থার আরও অবনতি হয়। ওই দিনই তাকে আইসিইউতে নেয়া হয়। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
 
নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, বিষয়টি তিনি জানেন। আবদুল হান্নানের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা ও চুরির পৃথক মামলা হয়েছে এবং পলাতক গৃহপরিচারিকার সন্ধানে পুলিশি অভিযান চলছে।

ইত্তেফাক/এএম।