মাগুরায় ছাগল ক্ষেতের সবজি খাওয়ার ঘটনায় মালতি রানী (৪০) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকালে পৌর এলাকার কুকনা গ্রামে এ ঘটনা ঘটে।
ছাগলের মালিক মালতি রানী হওয়ায় তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মাগুরা পৌর এলাকার কুকনা গ্রামে ভরত কুমার ঘোষের সবজি ক্ষেতে ছাগল গাছ খাওয়ার অপরাধে তিনি ও তার লোকেরা গাছে বেঁধে প্রতিবেশী রতন কুমার শীলের স্ত্রী মালতি রানীকে নির্যাতন করে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে।
সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, সামান্য ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হবে।
ইত্তেফাক/কেকে
