আইএসের আফগান-পাকিস্তান প্রধান ড্রোন হামলায় 'নিহত'

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ০৯:১৪
 
মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গিগোষ্ঠীর আফগানিস্তান ও পাকিস্তান শাখার প্রধান হাফিজ সাঈদ খান যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। পূর্বাঞ্চলীয় এক আফগান প্রদেশে গত ২৬ জুলাই তার মৃত্যু হয় বলে পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত ওমর যাকিলওয়াল শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন।
 
তিনি বলেন, 'গত ২৬ জুলাই আফগানিস্তানের নানঘরহর প্রদেশের কোট জেলায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও যোদ্ধাসহ আইএসের খোরাসান নেতা হাফিজ সাঈদ খান নিহত হয়েছেন বলে আমি নিশ্চিত করতে পারি।'
 
তবে কাবুলে যুক্তরাষ্ট্র সেনা কোয়ালিশনের এক মুখপাত্র বলেন, তিনি তথ্যটি নিশ্চিত করতে পারছেন না, কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাচ্ছে।
 
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের আনুগত্য স্বীকার করা হাফিজ সাঈদ খান তালেবানের পাকিস্তান শাখার একজন সাবেক নেতা। গতবছরও তার নিহত হওয়ার খবর বের হলেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। রয়টার্স।