চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৪৭

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:২৬

চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৪৭ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন। জিয়াংসু প্রদেশের ইয়ানচেং নগরীর চেনজিয়াগাং শিল্পাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে বলে শুক্রবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে ‘তিয়ানজিয়াই কেমিক্যাল কোম্পানিতে শক্তিশালী ওই বিস্ফোরণের পর আগুন আশ-পাশের কারখানায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, এর ধাক্কায় ওই এলাকায় দুই দশমিক দুই মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। দুর্ঘটনা কবলিত কারখানায় কীটনাশক ও সার উত্পাদন হতো বলে জানা যায়। প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় আহত ৬৪০ জনকে ১৬টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৫৪ জন মারাত্মকভাবে দগ্ধ। প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় আশ-পাশের কয়েকটি ভবনের ছাদ এবং দরজা-জানালা ভেঙে পড়েছে। কাছেই একটি কিন্ডার গার্টেনের কয়েকটি শিশু আহত হয়েছে বলে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কারখানাটিতে ৩০টির বেশি জৈব রাসায়নিক মিশ্রণ তৈরি করা হতো, যেগুলোর বেশিরভাগই অত্যন্ত দাহ্য ছিল বলে জানা গেছে। অনিরাপদ কর্মপরিবেশের জন্য কারখানাটিকে অতীতে কয়েকবার জরিমানা করা হয়েছিল। সামপ্রতিক বছরগুলোতে চীনে বেশ কয়েকটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা ঘটেছে, যা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। গত নভেম্বরে উত্তরের হেবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়। তার আগে জুলাইয়ে সিচুয়ান প্রদেশে একটি কারখানায় বিস্ফোরণ ১৯ জনের প্রাণ কেড়ে নেয়। তিয়ানজিনে ২০১৫ সালে রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৬৫ জন মারা যান। আহত হয় এক হাজারেরও বেশি মানুষ।