ঘুমের সমস্যা হলে যেসব খাবার খাবেন

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১১:২১
 
ঘুম নিয়ে আমার একটা মজার অভিজ্ঞতা আছে। সম্ভবত ২০/২১ বছর আগের কথা। আমি তখন যুক্তরাষ্ট্রের বস্টনের হারভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন ছিলাম। আমেরিকা শুধু নয়, বিশ্বের অন্যতম একটি বৃহত্ হাসপাতাল বস্টন ম্যাসাসুয়েট জেনারেল হাসপাতাল। হাসপাতালের ওপরে হেলিকপ্টার পর্যন্ত নামতে পারে। এই হাসপাতালে কতগুলো লিফট আছে তা গণনা করে বের করা যাবে না। হঠাৎ একদিন ভুল করে একটি লিফট দিয়ে হাসপাতালের ৮ম অথবা ৯ম তলায় উঠে পড়লাম। করিডোর দিয়ে সামনে এগোতেই একটি ভুতুড়ে অবস্থা চোখে পড়ল। প্রথমবার আমেরিকায় গিয়েছি। আমি সামনের দিকে এগোতেই ২/৩ জন ছুটে আসলেন। বললেন সামনের দিকে আর যাওয়া যাবে না। এটা হচ্ছে নো-সাউন্ড জোন।
 
পরিচয় দিতেই একজন নার্স সম্ভবত বুঝতে পারলেন আমি ভুল করে এই ফ্লোরে ঢুকে পড়েছি। পরে জানতে পারি ম্যাসাসুয়েট জেনারেল হাসপাতালের এই ফ্লোরেই রয়েছে স্লিপ সেন্টার। অর্থাৎ যেসব আমেরিকান রাতে ঘুমাতে পারেন না তাদের ভর্তি করা হয় স্লিপ সেন্টারে। শুধু ম্যাসাসুয়েট নয়, আমেরিকার বেশিরভাগ বড় হাসপাতালেই রয়েছে ঘুমের সমস্যা বা স্লিপ ডিজ অর্ডার সেন্টার। আমাদের দেশেও অনেকের ঘুমের সমস্যা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ঘুমের ওষুধ সেবন করে ঘুমাতে চেষ্টা করেন তারা। কিন্তু ঘুমের ওষুধ না সেবন করেও ভালো ঘুমানোর অভ্যাস গড়ে তোলা যায়।
 
আজ আমরা দেখবো কী খাবার খেলে সহজে ঘুমানো যায়। আর এ ধরনের খাবারকে বলা হয় সুপার স্লিপ ফুড। তবে শুধু সুপার স্লিপ ফুড আহার করলে চলবে না। মানসিক চাপ কমানো, রাতে ঘুমানোর আগে গোসল করা, টেলিভিশনে ভয়ঙ্কর কিছু না দেখা, ফোন সাইলেন্ট মুডে রাখা এবং বেড রুমের পরিবেশটাও সুন্দর রাখা দরকার।
 
বিশেষজ্ঞগণ সুপার ফুড সম্পর্কে বলার আগে উল্লেখ করেছেন রাতে খেতে হবে লাইট মিল বা হালকা খাবার বা স্বল্প আহার। রাতে অধিক আহার করলে ঘুমের সমস্যা হতে পারে। যদি কয়েক রাতে ভালো ঘুম না হয় তা হলে ফ্রেশ সবজি দিয়ে পাস্তা ডিশ আহার করতে পারেন।
 
সঙ্গে রাখতে পারেন চিকেন ব্রেস্ট। এ ধরনের কম্বিনেশন ডায়েটে থাকে প্রোটিন ও ট্রিপটোফেন যা শরীরের অ্যামাইনো অ্যাসিডকে স্লিপ প্রমোটিং সেরোটিনে রূপান্তর করে। ফলে ঘুম আসে। যদি দেখা যায় রাতে ঘুম ভেঙে যায় অথবা ক্ষুধার্ত মনে হয় তা হলে কটেজ চিজ ও কলা খেতে পারেন। এতেও রয়েছে ট্রিপটোফেন। এটা ঘুমের জন্য ভালো। এ ছাড়া রাতে এক গ্লাস হালকা গরম দুধ এবং ইয়োগার্ট ও সেরিয়াল আহারও ঘুমের জন্য উপকারি।
 
লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ