অবশেষে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালত থেকে নেয়া আট দিনের রিমান্ড শুক্রবার শেষ হয়েছে।
আজ শনিবার হাসনাত রেজাউল করিমকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিট গ্রেফতার দেখায়।
তাকে এই মামলায় ১০ দিনের রিমান্ডে চাওয়া হবে বলে ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান। এর পাশাপশি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আট দিনের রিমান্ড পাওয়া শিল্পপতির ছেলে তাহমিদ হাসিব খানকে পুনরায় সাত দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। তবে তাহমিদ হাসিব খানকে গুলশানে জঙ্গি হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে না। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পুনরায় সাত দিনের রিমান্ড জানিয়ে আবেদন করা হচ্ছে।
উল্লেখ্য, হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা ঘটনার পর জঙ্গিদের সঙ্গে হাসনাত রেজাউল করিম ও তাহমিদ হাসিব খানের চলাফেরা ও অস্ত্র হাতে নেয়ার দৃশ্য ভিডিও এবং স্থির চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে হাসনাত রেজাউল করিম নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
অপর দিকে কানাডার প্রবাসী টরেন্টো ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হাসিব খানের বিরুদ্ধেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে জঙ্গি হামলা ঘটনার ৩৩ দিন পর গত ৪ আগস্ট তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আট দিন করে রিমান্ডে দেয়া হয়।
ইত্তেফাক/কেকে
