ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন দুই পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের শৈলকুপা থানাধীন দুধসর আবাসন প্রকল্পের সামনে গাছ কেটে ব্যারিকেড দেয় একদল ডাকাত। খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে গিয়ে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি করে। উভয় পক্ষের মধ্যে ১০ মিনিটের মতো 'বন্দুকযুদ্ধ' চলে। ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে ১টি শুটার গান, ২ রাউন্ড গুলি, ৫টি হাত বোমা, ৫টি রামদা, ১টি গাছ কাটা করাত ও ১ গোছা দড়ি উদ্ধার করে।
আহত পুলিশ সদস্য নজরুল ইসলাম ও আমোদ আলিকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে
