রাজশাহীতে গুলিবিদ্ধ বিকাশকর্মী রবিউল মারা গেছেন

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ০৯:৩৫
রাজশাহী নগরীর মতিহার থানার কাপাশিয়া এলাকায় ছিনতাইকারীর গুলিতে আহত বিকাশকর্মী রবিউল ইসলাম (৪০) মারা গেছেন। রবিবার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
 
বুধবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর মতিহারের কাপাশিয়া এলাকায় ছিনতাইকারীরা বিকাশের দিই কর্মীকে গুলি করে টাকা ছিনতাই করে।
 
ওই ঘটনায় আহত বিকাশের আরো এক কর্মী পলাশ এখনো রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাশের ডান পায়ে একটি গুলি লাগে। আর পিঠে ও পেটে ৫টি গুলিবিদ্ধ হয়ে রবিউল আজ ভোরে মারা যান। 
 
জানা গেছে, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকা থেকে বিকাশের দুই কর্মী রবিউল ও পলাশ ১২ লাখ টাকা আদায় করতে একটি মোরসাইকেলযোগে পুঠিয়ার  উপজেলা বানেশ্বর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত আরেকটি এপাচি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে উপর্যুপরি গুলি ছুড়তে থাকে। এতে মোটরাসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন রবিউল ও পলাশ। পরে তাদের নিকটে থাকা টাকাগুলো লুটে নেয় ছিনতাইকারীরা। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
 
মতিহার থানার ওসি হুমায়ন কবির বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
 
 
ইত্তেফাক/এমআই