ভোমরা স্থলবন্দরে ৩৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পাথর জব্দ

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৪:৩১
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পৃথকভাবে আমদানি করা কাস্টমস শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ৬৫টি ট্রাক ভর্তি এক হাজার আট টন ভারতীয় পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
এদিকে, ঘোষণার অতিরিক্ত পাথরের টন প্রতি নির্ধারিত ৭২৬ টাকা করে শুল্ক নিয়ে ট্রাকগুলো পরে ছেড়ে দিয়ে বিষয়টির নিষ্পত্তি করেন কাস্টমস কর্তৃপক্ষ।
 
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সামছুল আলম জানান, গত ১১ আগস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট এম করিমের ছাড় করানো ভারত থেকে ৬৮৮ টন আমদানিকৃত পাথরের মধ্যে ৮৮ টনের কাস্টমস শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে বিজিবি ও কাস্টমসের সমন্বিত যাচাই বাছাই শেষে শনিবার ৩৪টি ট্রাকসহ ৬৮৮ টন ভারতীয় পাথর জব্দ করা হয়। এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ভোমরা কাস্টমসে জব্দকৃত পাথর জমা করা হয়।
 
তিনি আরও বলেন, গত ১২ আগস্ট মধুমতি এন্টারপ্রাইজের মাধ্যমে ছাড় করানো আমদানিকৃত ৬২০ টন ভারতীয় পাথরের মধ্যে ৮০ টনের কাস্টমস শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে শনিবার বিজিবি ও কাস্টমসের কাপজপত্র যাচাই ও ওজন শেষে ৩১টি ট্রাকসহ ৬২০টন ভারতীয় পাথর জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আইন অনুযায়ী ভোমরা কাস্টমসে জমা করা হয়। 
 
বিজিবি জানায়, আমদানিকৃত এসব পাথরের তথ্যাদি ভোমরা বিজিবি  বাঁশকল চেক পোস্টে জমা করার পর শুল্ক ফাঁকির বিষয়টি চিহ্নিত হয়। পরবর্তীতে ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ এবং বিজিবি যাচাই বাছাই শেষে শুল্ক ফাঁকির বিষয়টি প্রমাণিত হওয়ায় সমুদয় মালামাল বিজিবি কর্তৃক জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আইন অনুযায়ী ভোমরা কাস্টমসে জমা করা হয়। ৬৫টি ট্রাকসহ জব্দকৃত মালামালের মূল্য ৩২ কোটি ৮৯ লাখ ২৪ হাজার টাকা। 
 
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার সানোয়ার কবির জানান, ঘোষণার অতিরিক্ত পাথরের টন প্রতি নির্ধারিত ৭২৬ টাকা করে শুল্ক নিয়ে ট্রাকগুলো পরে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি অরো বলেন, সাধারণ মানুষ এটাকে মামলা বললেও কাস্টমস আইনে এটাকে বলে ন্যায় নির্ণয়।