গাজীপুরের কালিয়াকৈরে রহিমা আক্তার (২৫) নামে এক পোশাক কর্মীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পূর্ব বড়ইছুটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা উপজেলার পূর্ব বড়ইছুটি গ্রামের মো. হযরত আলীর প্রথম স্ত্রী। এ ঘটনায় নিহত রহিমার স্বামী মো. হযরত আলী (৩৫) ও তার দ্বিতীয় স্ত্রী কাজলী বেগমকে (১৮) পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, হযরত আলী তার প্রথম স্ত্রী রহিমা আক্তার, দ্বিতীয় স্ত্রী কাজলী বেগম ও শিশু ছেলে রবিউলকে সঙ্গে নিয়ে কালিয়াকৈর উপজেলার পূর্ববড়ইছুটি গ্রামের মিজানের বাড়িতে ভাড়া থাকতেন। তারা তিনজনই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে হযরত আলী ও তার দ্বিতীয় স্ত্রী কাজলী বেগম সবজি কাটার বটি দিয়ে গলাকেটে রহিমা বেগমকে হত্যা করেন বলে এলাকাবাসী জানায়।
পুলিশ ঘটনাস্থল থেকে রহিমা আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করেছে। কারিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
