পুলিশে পুলিশে মারামারি, ২ সদস্য ক্লোজড

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৬:১৫
 
লালমনিরহাটের আদিতমারীতে পুলিশ ভ্যানের ছাউনির হুপ খোলাকে কেন্দ্র করে দুই পুলিশের মধ্যে মারামারি হয়েছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রবিবার দুইজনকেই ক্লোজড করা হয়েছে। 
 
জানা গেছে, শনিবার প্রচণ্ড গরমের কারণে ভ্যানের পিছনে বসা পুলিশ সদস্যরা ছাউনির হুপ খুলে দেয়। ভ্যানটি থানা চত্ত্বরে পৌঁছালে পুলিশের ভ্যানচালক কনস্টেবল মাজহারুল ইসলাম বিষয়টি নিয়ে সদস্যদের গালমন্দ করেন। এসময় কনস্টেবল আমিনুল ইসলাম এর প্রতিবাদ করেন। মাজহারুল উত্তেজিত হয়ে আমিনুলের গলা চেপে ধরে সজোরে ধাক্কা দেন ও সজোড়ে ধাক্কা দেন এবং মারধর করেন। এতে দুইজনের মধ্যে মারামারি লেগে যায়। আহত অবস্থায় উদ্ধার করে তাদের আদিতমারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
 
খবর পেয়ে সংবাদকর্মীরা হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যের ছবি তুলতে গেলে সেখানে বাধা দেয়া হয়।
 
আদিতমারী উপজেলা হাসপাতালের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুস সালাম শেখ জানান, আহত পুলিশ সদস্যরা গলায়, বুকে ও কোমড়ে আঘাত পেয়েছেন। চিকিত্সা সেবা প্রদান শেষে তাদের থানায় পাঠানো হয়েছে।
 
যোগাযোগ করা হলে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 
 
এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, উভয়ের বক্তব্য শোনার পর আজ দুপুরে তাদের দুইজনকেই পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। 
 
ইত্তেফাক/এএসএস