নরসিংদীতে জঙ্গি সন্দেহে দুই শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে নরসিংদী পুলিশের একটি দল শহরের ভেলানগর মানিক রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে হিন্দু পুরোহিতদের ব্যবহৃত একটি সাদা রঙের ধুতি, একটি হালকা ঘিয়ে রঙের লুঙ্গি, এক গোছা লম্বা চুল, একটি চাপাতি, তিনটি চশমা, সাড়ে পাঁচ হাত লম্বা একটি জপের মালা, এক গোছা চুল, একটি ডায়রি উদ্ধার করা হয়। ডায়রিতে কুরআনের বিভিন্ন আয়াত, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতা-কর্মীদের মোবাইল নম্বর লেখা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাহবুবুল আলম (২৫) ও মনোহরদী উপজেলার শুকুন্দী গ্রামের বাদল মিয়ার ছেলে শিবিরের সাথী মিজানুর রহমান।
নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম জানান, মাহবুবুল আলম ২০১০ সালে গ্রেফতার হয়ে ছিলেন। তার বিরুদ্ধে ছদ্মাবেশ ধারণ করে হিন্দু সম্প্রদায়ের মন্দির বা স্থাপনালয়ে নাশকতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
