সাবেক স্বামীর দেয়া পেট্রোলে দগ্ধ কলেজছাত্রী

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৭:৫৫
আত্রাই উপজেলায় এক কলেজছাত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে তার সাবেক স্বামী।
 
রবিবার দুপুরে উপজেলার বিহারিপুর গ্রামের বাইপাস পাকা সড়কের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর সাবেক স্বামী সাদিকুল আলম খাঁন ওরফে সাজ্জাদকে (৩৫) আটক করে করেছে পুলিশ।
 
এলাকাবাসী জানান, উপজেলার মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের ওই কলেজছাত্রীর সঙ্গে একই গ্রামের মৃত আব্দুস সালাম খাঁনের ছেলে সাদিকুল আলম খাঁন সাজ্জাদের বিয়ে হয়। এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর সাজ্জাদ অন্যত্র বিয়ে করেন। বেশ কিছুদিন থেকে সাজ্জাদ মোবাইল ফোনসহ বিভিন্নভাবে ওই কলেজছাত্রী উত্যক্ত করতেন। রবিবার দুপুরে দুই বান্ধবীসহ কলেজ থেকে বাড়ি ফেরার পথে সাজ্জাদ ওই ছাত্রী পথ রোধ করে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয় দেন। এ সময় ওই কলেজছাত্রী আত্রাই নদীতে ঝাঁপ দেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন।