কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল হক মজুমদারের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রায়কোট ইউপির কুকুরিখীল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আলহাজ্ব আব্দুল হক মজুমদারের গ্রামের বাড়ি রায়কোট ইউনিয়নের কুকুরিখীল গ্রামে সোমবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির সিঁড়ি রুমে রক্ষিত একটি পালসার মোটর সাইকেলে বাহির থেকে কলাপসিবল গেইটের ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মোটর সাইকেলের ট্যাংকি বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে ঘুমন্ত থাকা মহিলাও শিশুরা আটকা পড়ে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে বাড়ীর লোকজন টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় তাদের পরিবারে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
