ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাটা সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আব্দুল হাকিম (৩৫ ) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। তিনি উপজেলার লাইঘাটা গ্রামের নুরু সরকারের ছেলে।
সোমবার রাতে ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানাধীন ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
বিজিবির ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, সোমবার রাতে কয়েকজন বাংলাদেশি গরু আনার জন্য জিরো লাইন পার হয়ে প্রায় আধা কিলোমিটার ভারতের অভ্যন্তরে ঢুকে যায়। এ সময় ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফের টহল দল তাদের থামতে বলে। পালানোর চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে আব্দুল হাকিম গুলিবিদ্ধ হন। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। বর্তমানে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/এএসএমইউ
