হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গতকাল শুক্রবার এক যাত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বিমানবন্দর ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম। তিনি জানান, গতকাল সকাল ১১টায় ওমানের মাসকাট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি-২২২ এ আসেন যাত্রী মিজানুর রহমান। তার কাছে আইন বহির্ভূতভাবে ৮টি স্বর্ণবার (৯৩২ গ্রাম) এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। গোপন সংবাদে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করেন শুল্ক গোয়েন্দারা।
মহাপরিচালক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তার ট্রলির নিচে বিশেষ কায়দায় লুকায়ে রাখা ৮টি স্বর্ণবার বের করা হয়। সেগুলোর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। আটক পণ্য ও যাত্রীর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
