ভারতের মহারাষ্ট্রে বিষাক্ত ইনজেকশন দিয়ে ছয় জনকে হত্যার অভিযোগে এক ডাক্তারকে আটক করা হয়েছে। একজন স্বাস্থ্যকর্মীকে হত্যার অভিযোগে ৪৫ বছর বয়সী সন্তোষ পালকে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর সে আরো পাঁচ জনকে হত্যার কথা স্বীকার করে। হত্যার পর নিজের ফার্মে লাশগুলো লুকিয়ে রেখেছিল ওই ঘাতক।
ঘাতকের স্বীকারোক্তি অনুযায়ী অনুসন্ধান চালাতে গিয়ে পাঁচটি দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানান, উচ্চমাত্রার ওষুধ প্রয়োগ করে ছয় জনকে হত্যা করে সন্তোষ পাল। নিহতদের পাঁচ জনই নারী।
ফার্মে যাদের লাশ পাওয়া যায় তাদের মধ্যে বেশ কয়েকজন ২০০৩ সাল থেকে নিখোঁজ ছিল। গত ১৬ জুন ৪৯ বছর বয়সী একজন স্বাস্থ্যকর্মী নিখোঁজ হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। এতে সামনে আসে সিরিয়াল কিলিংয়ের বিষয়টি। সূত্র: হিন্দুস্তান টাইমস
ইত্তেফাক/এমএএস
