শার্শায় বাস ও ট্রাকের সংঘর্ষ, ট্রাকচালকের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ০৯:৪৪
 
যশোরের শার্শায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাসুম বিল্লাহ (২৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে যশোর-সাতক্ষীরা সড়কের উলাশির হাড়িখালি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
মাসুম বিল্লাহ যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ার দলিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শী, হাসপাতাল এবং পুলিশ সূত্র জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীতমুখি একটি পানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক এবং বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের চালক এবং হেলপার নিজেদের রক্ষা করতে পারলেও ট্রাকের চালক মাসুম বিল্লাহ গুরুতর আহত হন।
 
পরে স্থানীয় লোকজন এসে ট্রাকের মধ্যে থেকে মাসুম বিল্লাহকে টেনে বের করেন। তার দুই পা এবং ডান হাত ভেঙে যায়, শরীরের অন্যান্য স্থানেও গুরুতর আঘাত লাগে। সন্ধ্যা ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
 
 
 
ইত্তেফাক/কেকে