প্রেমিকা ও মাকে ইয়াবা দিয়ে ধরিয়ে দিলেন প্রেমিক

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১২:১৯
কুমিল্লার মুরাদনগর উপজেলার নব-গঠিত বাঙ্গরা বাজার থানাধীন টনকী ইউনিয়নে বিয়ে করা থেকে বাঁচতে পূর্ব পরিকল্পিতভাবে ঘরে ইয়াবা রেখে প্রেমিকা ও তার মাকে ব্যবসায়ী বানিয়ে পুলিশে গ্রেফতার করানোর অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার শিকার বাইড়া গ্রামের মৃত আহাম্মদ আলী মেয়ে রোজিনা (২২) ও স্ত্রী নাছিমা বেগম (৪৫)।
 
জানা গেছে, প্রেমিক রাশেদুল ইসলাম ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।
 
এদিকে হত-দরিদ্র এই পরিবারের উপর জুলুম ও নির্যাতনের ঘটনায় এলাকায় উত্তেজনা ও চরম ক্ষোভ বিরাজ করছে।
 
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রোজিনার সঙ্গে রাশেদুলের প্রেমের সর্ম্পক চলছিল। সেই সুবাদে রোজিনাদের বাড়িতে আসা-যাওয়া করতো রাশেদ। তাকে নিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে যেত। এরই মধ্যে রোজিনা ও তার পরিবারের সদস্যরা বিয়ের জন্য রাশেদকে চাপ দিচ্ছিল। কিন্তু রাশেদুল বিভিন্নভাবে তা এড়িয়ে চলছিল। ইউপি মেম্বার হওয়ার পর বিয়ের জন্য রোজিনা চাপসৃষ্টি করলে তাতে রাশেদুল ক্ষিপ্ত হন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলে রাশেদুল কিছু দিনের সময় চায়। এর আগেই সোমবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে রোজিনার ঘরে ইয়াবা রেখে মা-মেয়েকে পুলিশে ধরিয়ে দিলেন মেম্বার রাশেদুল।
 
অভিযোগ রয়েছে, বাঙ্গরা বাজার থানা গঠনের পর থেকে বিভিন্ন সময় এলাকার চক্রান্তকারী লোকদের সঙ্গে যোগসাজস করে পুলিশ সাধারণ লোকদের ফাঁসিয়ে চলেছে। এতে পুলিশের প্রতি মানুষের নেতিবাচক ধ্যান-ধারণার জন্ম নিচ্ছে।
 
এলাকাবাসীর দাবি, তদন্ত করে দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া  হোক।
 
ইউপি সদস্য রাশেদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদেরকে গ্রেফতারের পরদিন আমি বিষয়টি শুনেছি, রোজিনার সঙ্গে আমার কোনো প্রেমের সর্ম্পক নেই।’
 
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি মেম্বার রাশেদুলের সঙ্গে রোজিনার সম্পর্ক আছে। যেহেতু তাদের ঘর থেকে ২২ পিস ইয়াবা পাওয়া গেছে সেহেতু মাদক দ্রব্য আইনে মামলা করে তাদেরকে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ