কোম্পানীগঞ্জে ট্রলার ডুবে স্কুলশিক্ষিকা ও ছাত্রীসহ নিহত ২, নিখোঁজ ১৫

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২০:১৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা আজগরআলী দাখিল মাদ্রাসার শিক্ষাসফরে যাওয়া ছাত্র-ছাত্রীদের ট্রলার ছোট ফেনী নদীতে ডুবে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২০ জন আহত এবং নিখোঁজ রয়েছে ১৫ জন।

 
উপজেলার চরফকিরা ইউনিয়নের আজগর আলী দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী শিক্ষকসহ বুধবার বিকেল ৫টায় পাশ্ববর্তী ইউনিয়ন মুছাপুর ছোট ফেনী নদীর ক্লোজার ঘাটে ভ্রমনের উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে যায়। বিকেল ৫.৩০ টায় শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ ৫০ জন ট্রলারে উঠেন।
 
ট্রলার চলার সময় ছোট ফেনী নদীতে প্রবল জোয়ারের স্রোতের সম্মুখীন হয়। একপর্য়ায়ে ট্রলারটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কামরুন নাহার ফেন্সী(২৪),  শিশু মারজাহান আক্তার (০৫) সহ ২জন ঘটনার স্থলে নিহত হয়। দুর্ঘটনায় আহত  হয়েছে ২০ জন। এদের মধ্যে গুরুতর আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হল প্রমি(১৮), ফাতেমা আক্তার (১৬), তানজিলা আক্তার(২২), ফাতেমা আক্তার(১৫), বাকীদেরকে উপজেলার বিভিন্ন বেসরকারী ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পোঁছে ২ জনকে মৃত উদ্ধার করে। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল মজিদ মুছাপুর ঘটনার স্থল থেকে জানান আমাদের উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে। নিহত ও নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে।
 

ইত্তেফাক/ এএন