ধর্ষণের ভিডিও ধারণ, মামলা করে আতঙ্কে পরিবার

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৫:২২
ধর্ষণ করে সেই দৃশ্য ভিডিওতে ধারণ করার অভিযোগে মামলা করেছেন মানিকগঞ্জের ঘিওরের এক কলেজ ছাত্রী। তবে ন্যায় বিচার নিয়ে আতঙ্কে ও অনিশ্চিয়তায় ভুগছে মার্স্টাস পড়ুয়া ওই ছাত্রী।
 
ছাত্রীর অভিযোগ, স্বয়ং তদন্ত কর্মকর্তাই তাকে মীমাংসা করার পরার্মশ দিচ্ছেন। এছাড়া অপরিচিত মোবাইল নম্বর থেকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে।
 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৪ জুলাই জরুরি কথা বলার জন্য তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় জেলে পাড়ার শ্যামদাস রাজবংশী। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেন শ্যামদাস। আর তার সহযোগী দুজন মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে। কাউকে ঘটনা জানালে ইন্টারনেটে এই ভিডিও দৃশ্য ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় শ্যামদাস। অবশেষে শ্যামদাসের বিরুদ্ধে ৪ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ওই কলেজ ছাত্রী।
 
মামলার তদন্ত র্কমর্কতা ঘিওর থানার এসআই মজিবর রহমান বলেন, ‘এই মামলার তদন্ত চলছে। আমি ব্যস্ততায় রয়েছি। এখন কথা বলতে পারবো না।’
 
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘মামলা হওয়ায় আগে হয়তো স্থানীয়ভাবে মীমাংসার কথা হতে পারে। সেটা আমার ভালো জানা নেই। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। আসামি গ্রেফতারে জোর চেষ্টা চলছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ