আগামী ২২ আগস্টের মধ্যে রাজধানীতে থাকা সকল অনুমোদনহীন পোস্টার, ব্যানার, তোরণ অপসারণের জন্য ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে দেয়াল লিখনও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এ নির্দেশ কার্যকর করতে বলা হয়।
বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচার মুহম্মদ খোরশেদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে আদালতের নির্দেশ বাস্তবায়ন করে সিটি করপোরেশনকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের এই অনুলিপি প্রকাশ পাই।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০১২ সালের ১৮ মার্চ হাইকোর্টে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অনুমোদনহীন পোস্টার, ব্যানার, তোরণ অপসারণের নির্দেশ দেন।
গত ১৪ জুলাই মামলাটি পুনরায় শুনানীর জন্য আসলে বেলার আইনজীবী মিনহাজুল হক বর্তমানে রাজধানীতে থাকা এ সব পোস্টার, ব্যানার, তোরণ অপসারণের নির্দেশনা চান।
শুনানী শেষে হাইকোট উপরোক্ত আদেশ দেন। সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী ছিলেন মো. শাহজাহান।
ইত্তেফাক/ইউবি
