এইচএসসি পরীক্ষায় এবার যশোর বোর্ডের মধ্যে খুলনা জেলা শীর্ষ অবস্থানে রয়েছে। বিভাগের ১০ জেলার মধ্যে খুলনায় পাসের হার সর্বোচ্চ ৮৭ দশমিক ৯০। জেলার মোট ৯৮টি কলেজে পাস করেছে ১৯ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার প্রকাশিত ফলে বোর্ড কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেন।
এ বছর খুলনা জেলার ৯টি উপজেলা এবং মহানগর এলাকার ৯৮টি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ হাজার ৪ জন। এর মধ্যে ছাত্র ১২ হাজার ২২৬ জন এবং ছাত্রী ১০ হাজার ৭৭৮জন। পরীক্ষায় চূড়ান্তভাবে অংশগ্রহণ করে ২২ হাজার ৮৭ জন। যার মধ্যে ছাত্র ১১ হাজার ৭৩৮ জন ছাত্র এবং ১০ হাজার ৩৪৯ জন ছাত্রী । এর মধ্যে পাস করেছে মোট ১৯ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১০ হাজার ২২০ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ হাজার ১৯৫ জন। পাসের হার বিভাগের মধ্যে সর্বোচ্চ ৮৭ দশমিক ৯০।
জেলার মধ্যে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শীর্ষে রয়েছে। এ কলেজ থেকে ১ হাজার ৪৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৪১৬ জন। পাসের হার ৯৮ মধমিক ২৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৪৮০ জন।
অপরদিকে, বিভাগের অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে পাসের হার ৮১ দশমিক ৪৯, সাতক্ষীরায় ৮৭ দশমিক ৪০, যশোরে ৮৫ দশমিক ৫, ঝিনাইদহে ৮৪ দশমিক ৫৭, মাগুরায় ৮২ দশমিক ৪৪, নড়াইলে ৮১ দশমিক ৭৫, কুষ্টিয়ায় ৭৩ দশমিক ১৮, চুয়াডাঙ্গায় ৭৩ দশমিক ৮৭ এবং মেহেরপুর জেলায় ৮২ দশমিক ৮০।
ইত্তেফাক/ইউবি
