রাজধানীর গাউছিয়া মার্কেটে এক দোকানদারের হাতে মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রী। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে মার্কেটের ইয়োলো কালেকশন নামে দোকানে এই ঘটনা ঘটে। পণ্যের দাম নিয়ে কথাবার্তার এক পর্যায়ে দোকান কর্মচারী ওই ছাত্রীর ওপর চড়াও হয়।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই দোকানের অপর তিন কর্মচারীকে আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত পলাতক রয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মারধরের শিকার বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী জানান, শুক্রবার দুপুরে কেনাকাটা করতে তার এক বান্ধবীসহ সে গাউছিয়া মার্কেটে যায়। মার্কেটের নিচতলায় ইয়েলো কালেকশন নামের একটি দোকানে গিয়ে অলংকারের দাম জানতে চান। প্রথমত এক সেলসেম্যানের সঙ্গে কথা বলার সময় পেছনে ক্যাশ কাউন্টারে বসা এক ব্যক্তি বলেন, এক দাম একশত টাকা। নিলে নেন, না কিনলে দোকান থেকে বের হয়ে যান। তখন ওই শিক্ষার্থী এভাবে কথা বলার কারণ জানতে চাইলে ওই দোকানি চিত্কার করে অশ্লীল ভাষায় তাকে গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে কাছে এসে তার গায়ে হাত দেয়ার চেষ্টা করেন। এতে সে বাধা দিলে তাকে চড় মারেন। পরে ঘাড় ধাক্কা দিয়ে মেয়েটিকে দোকান থেকে বের করে দেন বলে অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাউছিয়া মার্কেটের ঘটনার পর বান্ধবীসহ পাশের হকার্স মার্কেটে গেলে সেখানেও ইয়েলো কালেকশনের দোকানি আরো কয়েকজনকে নিয়ে তাদের অনুসরণ করতে থাকেন। ওই দুই ছাত্রী অন্য দোকানে কেনাকাটা করতে গেলে সেখানেও পণ্য বিক্রি করতে নিষেধ করে দেন ওই দোকানি। এ সময় তারা প্রায় আধঘণ্টার মতো ওই দুই শিক্ষার্থীকে অবরুদ্ধ করে রাখেন। পরে নিউমার্কেট থানায় যোগাযোগ করা হলে পুলিশ ওই দুই শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে বের করে আনে।
