শিল্পকলায় শুরু সেলিম আল দীন উত্সব

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৬:৪১
 
নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে উত্সব শুরু হয়েছে শিল্পকলা একাডেমিতে। বাংলা নাটককে তার মূলে নিয়ে এসেছেন সেলিম আল দীন। ইংরেজি বা ইউরোপিয়ান নাট্য ঘরানার বাইরে আমাদের নিজস্ব সংস্কৃতিতেই যে নাটকের হাজার বছরের ঐতিহ্য রয়েছে সে কথা এই সেলিম আল দীনই মনে করিয়ে দিয়েছেন। তাই দেশের নাট্যকর্মীরা তাঁকে পরম মমতায় স্মরণ করেন।
 
সেলিম আল দীনের জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী উত্সব। শিশুদের চিত্রকর্ম প্রদর্শনী ও নাট্য প্রদর্শনীসহ নানা আয়োজনে বর্ণময় হয়ে ওঠে উত্সব। উদ্বোধনী আয়োজনে খ্যাতিমান অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদকে দেওয়া হয় সেলিম আল দীন পদক। ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগানে যৌথভাবে উত্সবের আয়োজন করে ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
 
সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উত্সব উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। এ সময় তিনি বলেন, সেলিম আল দীনের সৃজনশীল জীবনটা জুড়ে ছিল এই ভূখণ্ড। শিল্প নির্মাণে তিনি শিকড়ের সন্ধান করেছেন। বাংলা নাটক তাঁর কাছে কৃতজ্ঞ। আমার কাছে মনে হয় তাঁর জীবনটা একটা অসমাপ্ত গানের মতো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা থিয়েটারের অন্যতম সদস্য কামাল বায়েজীদ। পদকপ্রাপ্ত রাইসুল ইসলাম আসাদের জীবনী পাঠ করেন শিমুল ইউসুফ। রাইসুল ইসলাম আসাদের হাতে পদক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৌফিক হাসান ময়না। বিকালে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার বাছাইকৃত ছবি নিয়ে নাট্যশালার লবিতে অনুষ্ঠিত হয় প্রদর্শনী। সন্ধ্যায়  বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পদক প্রদানের আনুূষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটারের নাটক নিমজ্জন। সেলিম আল দীনের রচনা থেকে প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
 
এর আগে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিসৌধে ফুৃলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকালে শিল্পকলার নাট্যশালার লবিতে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের আঁকা ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উত্সবের দ্বিতীয় দিন আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘কারবালার জারি’। মীর মশাররফ হোসেনের রচনা থেকে প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
 
শনিবার উত্সবের সমাপনী দিনের সন্ধ্যায় শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হবে ‘পুতুল তোমার জনম কি রূপ’ শীর্ষক সেলিম নাট্যমঞ্জুরি। ঢাকা থিয়েটার পরিবেশিত প্রযোজনাটিতে এক চরিত্রাঙ্কন করবেন শিমুল ইউসুফ।
 
 
ইত্তেফাক/কেকে