ভারতে অ্যামনেস্টির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ২০:০২
ভারতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতাসীন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির বিক্ষোভের কারণ দেখিয়ে সংস্থাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিতে বলা হয়েছে।
 
ঘটনার সূত্রপাত গত শনিবার। কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে বেঙ্গালুরুতে একটি কর্মশালার আয়োজন করেছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কাশ্মিরের কয়েকটি পরিবারকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন সময়ে ভারতীয় সেনার হাতে কীভাবে তাদের হেনস্থা হতে হয়েছে, পরিবারগুলো তাদের সেসব অভিজ্ঞতার কথা জানায়।
 
সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি-র অভিযোগ: এই অনুষ্ঠানে ভারতবিরোধী স্লোগান ওঠে। তাদের অভিযোগের ভিত্তিতেই অ্যামনেস্টির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করে পুলিশ।
 
 
শুক্রবার বেঙ্গালুরুর ইন্দিরা নগরে অ্যামনেস্টির দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল এবিভিপি-র। পরিস্থিতি সামলাতে সংস্থাটির দফতর বন্ধ করে দিতে বলা হয়। সেসময় বিক্ষোভকারীদের ওপর লাঠিও চালায় পুলিশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা
ইত্তেফাক/এমএএস