মিয়ানমারের শান্তি আলোচনায় সহায়তা করবে চীন : সু চি

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১০:০৯
মিয়ানমার ও চীনের অভিন্ন সীমান্ত এলাকায় সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় চীন সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মিয়ানমারের নেতা অং সান সু চি। শুক্রবার তার ঐতিহাসিক চীন সফরকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রাক্কালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা একান্তভাবে বিশ্বাস করি যে, সৎ প্রতিবেশী হিসেবে চীন আমাদের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভব সবকিছু করবে।’
 
তিনি বলেন, চীনের সঙ্গে মিয়ানমারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিন্ন সীমান্ত রয়েছে। যেখানে অনেক জাতিগত সশস্ত্র সংগঠন রয়েছে। ফলে চীনের সদিচ্ছা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
মিয়ানমার চলতি মাসের শেষ দিকে বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে একটি দীর্ঘদিনের পরিকল্পিত কনফারেন্স করতে যাচ্ছে।
 
গত নির্বাচনে বিপুল বিজয়ের মধ্যদিয়ে ক্ষমতায় আসার পর সু চি’র দল অর্থনীতিকে সবল করার প্রচেষ্টা শুরুর ক্ষেত্রে অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়াকে পূর্ব শর্ত স্থি করেছে।
 
এ প্রসঙ্গে সু চি বলেন, ‘আমাদের যদি প্রশ্ন করেন আমার দেশের জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কি? তাহলে আমি বলবো তা হলো আমাদের দেশের মধ্যকার বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও ঐক্য অর্জন করা।’ 
 
শান্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।