ওজন কমাতে চাইলে রোগাদের সঙ্গে বন্ধুত্ব!

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১১:০৩
রোগা বা চিকন হতে কত কিছুই না করে মানুষ। ডায়েট কন্ট্রোল, ওয়েট ট্রেনিং, যোগব্যায়াম কত কি। উপকারও পেয়েছেন তারা। কিন্তু এগুলোর পাশাপাশি যে মেলামেশার দিকেও একটু খেয়াল রাখা প্রয়োজন সেটাও জানা দরকার? 
 
মার্কিন যুক্তরাষ্ট্রের বেলর ইউনিভার্সিটির একদল গবেষক জানাচ্ছেন,  রোগা হতে গেলে নাকি রোগাদের সঙ্গে বন্ধুত্বও করতে হবে।
 
১৮ থেকে ৬৫ বছর বয়সী ৯ হাজার ৩’শ ৩৫ জন মার্কিনিকে নিয়ে গবেষণা শুরু করেন বেলর ইউনিভার্সিটির অধ্যাপক ম্যাথু অ্যান্ডরসন ও তার দল। টানা এক বছর ধরে সমীক্ষায় অংশগ্রহণকারীদের সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, তাদের বন্ধু ও ওজনের পরিবর্তন লক্ষ্য করেন তারা। যাদের সঙ্গে তারা নিয়মিত কথা বলেন, দেখা করেন, সময় কাটান, এমন চার জন করে বন্ধু বেছে নিয়ে তাদের সঙ্গে অংশগ্রহণকারীর ওজন, রোগা হওয়ার ইচ্ছা ও ওজন কমানোর প্রবণতা তুলনা করে দেখা হয়। প্রশ্ন করা হয় তারা নিজেদের ওজন কমাতে, বাড়াতে, নাকি ধরে রাখতে আগ্রহী। 
 
অ্যান্ডরসন জানান, যাদের বন্ধুরাও স্বাস্থ্য সম্পর্কে সচেতন, অপেক্ষাকৃত রোগা, ওজন কমাতে আগ্রহী এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের মধ্যে ওজন কমানোর ইচ্ছা ও তাড়াতাড়ি রোগা হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায়। এরা যেমন সহজে রোগা হন, তেমনই তা ধরে রাখতেও পারেন।
 
ওবেসিটি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
 
 
ইত্তেফাক/এমআই