দৌলতপুরে পুলিশ ফাঁড়িতে জনতার হামলা, পুলিশের ফাঁকা গুলি, আটক ১১

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৫:২১
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে এলাকাবাসী। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে এবং ঘটনা জড়িত ১১ জনকে আটক করেছে।
 
এলাকাবাসী জানায়, খলিশাকুন্ডি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আলম গোপন সংবাদের ভিত্তিতে খলিশাকুন্ডি কলেজপাড়া এলাকার আব্দুর রহমানের বাড়িতে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তল্লাশি চালায়। এরপর আব্দুর রহমানের শ্যালক মাসুদ রানা পুলিশের কাছে জানতে চায় কী কারণে তল্লাশি চালানে হলো। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে তার বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে মামুদ রানাকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ খবর পেয়ে রাত ১১টার দিকে তার বন্ধু ও আত্মীয়সহ তিন শতাধিক লোক ওই পুলিশ ফাঁড়ি ঘেরাও করে এবং ফাঁড়ির ভিতরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় অর্ধশত রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ঘটনাস্থল থেকে রায়হান মেম্বার, বেলাল মেম্বার, মাসুদ, বিদ্যুৎ, রানা, সোহেল রানা, বেতু মোল্লা ও আশাসহ ১১ জনকে আটক করা হয়।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে। আটকদের ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ