খাগড়াছড়ি জেলার রামগড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আজ শনিবার কলেজের ছাত্রছাত্রীরা স্থানীয় বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে।
সাম্প্রতিক বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ে রামগড়ের জনসাধারণ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে। ছাত্রছাত্রীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। এ নিয়ে গত কয়েকদিনের দানাবাধা ক্ষোভ আজ বিক্ষোভে পরিণত হয়। রামগড় সরকারি কলেজের কয়েকশ ছাত্রছাত্রী ক্লাস ছেড়ে স্থানীয় বিদ্যুৎ অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুদ্ধ ছাত্রছাত্রীরা এ সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাব স্টেশনের আবাসিক প্রকোশলীর অফিস ঘেরাও করে রাখে।
এ সময় আবাসিক প্রকোশলী অফিসে ছিলেন না। খবর পেয়ে উপজেলা নিবাহী অফিসার মো. ইকবাল হোসেন থানার পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের শান্ত করেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ ছাত্র দেলোয়ার হোসেন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশাস দিয়ে ছাত্রছাত্রীদের শান্ত করেন।
এ ব্যাপারে রামগড় বিদ্যুৎ সাব স্টেশনের আবাসিক প্রকোশলী মো. মোস্তফা কামাল জানান, গত ৯ আগস্ট হাটহাজারীস্থ বিদ্যুতের গ্রিড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ে। ফলে এ পাওয়ার ট্রান্সফর্মারের আওতাধীন রামগড়সহ পুরো খাগড়াছড়ি জেলা, হাটহাজারির একাংশ, ফটিকছড়ি উপজেলা ও চট্টগ্রামের ষোলশহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। তিনি বলেন, কয়েকদিনের মধ্যে নতুন পাওয়ার ট্রান্সফরমার প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হবে। এটি চালু হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
