টেক্সাসের একটি আদালত শুক্রবার হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করে দিয়েছে। আর পাঁচ দিন পরই তার মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
আগামী বুধবার জেফরি উড নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। তাকে যে হত্যাকাণ্ডের অপরাধে এই সাজা দেয়া হয় সে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
১৯৯৬ সালের জানুয়ারি মাসে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। উডের এক বন্ধু একটি মনোহরী দোকানে ডাকাতি করার সময় দোকানের একজন কর্মীকে গুলি করে।
ডাকাতি চলার সময় তিনি একটি গ্যাস স্টেশনের বাইরে মালবাহী গাড়িতে বসে ছিলেন।
রাজ্যের প্রচলিত আইনের আওতায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মামলার শুনানিতে বলা হয়, কোনো অপরাধমূলক তৎপরতায় কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলে এই ঘটনার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিও হত্যাকারীর সমান দোষী।
উডের আইনজীবীরা যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপন করেছেন যে এই মামলার তদন্তে ভুয়া সাক্ষ্য ও বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া লঙ্ঘিত হয়েছে।
উডের আইনজীবী জারেড টেইলর এক বিবৃতিতে বলেন, ‘আদালত উডের মৃত্যুদণ্ড স্থগিত করে সঠিক কাজটিই করেছেন।’ উডের সমর্থকরা জানান, উডের বুদ্ধি শিশুর মতো। তিনি জানতেন না যে তার বন্ধু ড্যানিয়াল রেনেয়াউ ওই মনোহরি দোকানটিতে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি করতে যাচ্ছে।
মাত্র দুই মাস আগে তাদের পরিচয় হয়েছিল। কেরভিল নগরীতে ওই ঘটনাটি ঘটে। উড তখন গ্যাস স্টেশনের বাইরে একটি মালবাহী গাড়িতে বসেছিলেন। ওই সময় তার বন্ধু রেনেয়াউ দোকানের সিন্দুক লুট করতে যায়। -এএফপি
ইত্তেফাক/এমএএস
