বগুড়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর এলপি গ্যাস ডিপোতে ট্রাক থেকে নামানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর বনানী দ্বিতীয় বাইপাস সড়কের বেতগাড়ী লিচুতলা এলাকায় অবস্থিত বিপিসি’র গ্যাস সিলিন্ডার ডিপোতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও অগ্নিকাণ্ডে তিন শতাধিক গ্যাস সিলিন্ডার, একটি ট্রাক সম্পূর্ণ ও দুইটি ট্রাক আংশিক আগুনে পুড়েছে। আর এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক একজন পরিবেশক অভিযোগ করে বলেন, বিপিসি’র এই ডিপো থেকে যেসব সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা হয়ে থাকে – তার বেশিরভাগেরই মেয়াদ উত্তীর্ণ। বিস্ফোরণের পর দেখা গেছে অনেক সিলিন্ডারেরই নিচের তলার অংশ পাতলা হয়ে গেছে। এসব সিলিন্ডার ঝুঁকিপূর্ণ। কিন্তু অনেক অভিযোগ করার পরও কর্তৃপক্ষ কানে তোলেনি। এই সিলিন্ডারগুলো সরবরাহ করার পর বিস্ফোরিত হলে অনেক প্রাণহানির ঘটনা ঘটতো। এমনকি যে পরিবহন এগুলো বহন করছে - সেগুলোও বোমা বহনের মতো যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে।
