বাংলাদেশের কষ্টের হার বাংলাদেশ ০ :বাহারাইন ১

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০০:৪৬

বাহারাইনের স্পোর্টস সিটি স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রবাসী বাঙালিরা লাল সবুজ পতাকা নিয়ে গেছেন স্টেডিয়ামে। কেউ ম্যাচ ভিডিও করেছিলেন। কেউ বাদ্য বাজিয়ে উল্লাস করছিলেন। স্টেডিয়াম জুড়ে বেশির ভাগই বাংলাদেশের সমর্থক। তাদের গগন বিদারী আওয়াজে অনূর্ধ্ব-২৩ এএফসি গ্রুপ পর্বের বাছাইয়ে বাহারাইনের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়রা উজ্জীবিত ফুটবল খেলেছেন। ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি বাংলাদেশ। ডিফেন্ডারদের ব্যর্থতায় হেরে গেলেও বাহারাইনের বিপক্ষে বাংলাদেশের খেলা নজর কেড়েছে। অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন রবিউল, মতিন মিয়া, সুফিলরা। বাহারাইনের লম্বা লম্বা সুঠাম দেহের ফুটবলারদের বিপক্ষে পাল্লা দিয়ে লড়াই করেছে। বাহারাইনের মাঠে বাইরাইনকে হারানো কঠিন ছিল। জিতলেও বাহারাইনের ঘাম ঝরেছে।  

ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার পাশ দিয়ে বল নিয়ে ঢুকছিলেন বাহারাইনের উইঙ্গার। সুশান্ত যেন গোল মুখের দরজা খুলে দিলেন। বিনা বাঁধায় ডান দিকের বল ক্রস করে বাম দিকে ফেললেন। নিচু ক্রসের সেই বল একজন দুই জনের পা হয়ে থামল বাংলাদেশের জালে জড়িয়ে ১-০। ২০ মিনিটে গোল হজম করে পিছিয়ে যাওয়া বাংলাদেশ তারপরও ভেঙে পড়েনি। গোল শোধের সবচেষ্টা ছিল চোখে পড়ার মতই। রবিউলের একেকটা থ্রো ছিল কর্নারের চেয়ে ভয়ংকর। দারুণ খেলেছেন গোলকিপার জিকো। বাহারাইনের একাধিক গোলের সুযোগ নষ্ট করেছেন এই গোলকিপার। ‘বি’ গ্রুপে আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ফিলিস্তিনের বিপক্ষে।

বাংলাদেশ :গোলকিপার আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, রবিউল হাসান, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, মাসুক মিয়া জনি (অধিনায়ক), বিপলু আহমেদ (রাকিব), মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল এবং ইব্রাহিম।